শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনা ছাড়ার আভাস স্কালোনির

প্রকাশিত - ২০ জুলাই, ২০২৬   ১০:৪৭ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : 

স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনাল হারের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। আবেগঘন কণ্ঠে দেওয়া তার মন্তব্যে স্পষ্ট হয়েছে, জাতীয় দলের দায়িত্বে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি গভীরভাবে ভাবছেন।

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর স্কালোনির হাত ধরেই আর্জেন্টিনা ফিরে পায় হারানো গৌরব। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি দলকে টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনালে তুলেছিলেন তিনি। তবে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার সেই স্বপ্নযাত্রায় এক হতাশার সমাপ্তি টেনেছে।

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, তার বর্তমান চুক্তির মেয়াদ শেষের দিকে এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সময় নিতে চান।

অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, “লিওনেল মেসির সঙ্গে এ বিষয়ে এখনো কথা হয়নি। তবে আমি ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। আমার মাথায় কিছু পরিকল্পনা আছে। চুক্তির মেয়াদ শেষ করব, এরপর কী হবে তা দেখা যাবে।”

নিজের অর্জনের প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, “আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে। কারণ জানি না, এর চেয়ে বড় কোনো সাফল্য আবার অর্জন করা সম্ভব হবে কি না। এই দায়িত্ব আমাকে যে সুযোগ দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”

কথা বলতে গিয়ে কয়েকবার আবেগে ভেঙে পড়েন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, “আমি আজ যে অবস্থানে আছি, তা স্বপ্নের মতো। কোচিং স্টাফ ও খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া।”

স্কালোনি আরও বলেন, “এই জায়গাটি আমার জীবনের এমন একটি অর্জন, যা আমি কখনো কল্পনাও করিনি। তাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না।”

বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনির এমন মন্তব্য আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। দীর্ঘ সাফল্যময় অধ্যায়ের পর তিনি কি জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন, নাকি নতুন উদ্যমে আবারও ফিরবেন—সেই প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)