শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বেলজিয়ামের দায়িত্বে ভ্যান বোমেল

প্রকাশিত - ২৫ জুলাই, ২০২৬   ১২:৩২ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিশ্বকাপ শেষে কোচ রুডি গার্সিয়ার সঙ্গে পথচলা শেষ করার পর নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। ডাচ ফুটবলের সাবেক অধিনায়ক মার্ক ভ্যান বোমেলকে রেড ডেভিলসদের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ৪৯ বছর বয়সী ভ্যান বোমেল ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ আগস্ট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় ভ্যান বোমেল বলেন, বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব পাওয়া তার জন্য গর্বের বিষয়। এই দায়িত্ব দেওয়ায় তিনি বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং তাদের নিয়ে বড় কিছু অর্জনের সুযোগ দেখছেন।

বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের স্পোর্টিং ডিরেক্টর ভিনসেন্ট মানার্ট বলেন, আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই ভ্যান বোমেলের সমৃদ্ধ অভিজ্ঞতা বর্তমান তরুণ দলটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোচ হিসেবে ভ্যান বোমেলের সাফল্যের ঝুলিও সমৃদ্ধ। পিএসভি আইন্দহোভেন ও ভিএফএল উলফসবার্গে দায়িত্ব পালনের পর তিনি বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের কোচ হন। সেখানে দুই মৌসুমে ক্লাবটিকে ৬৬ বছর পর বেলজিয়ান প্রো লিগের শিরোপা জেতানোর পাশাপাশি বেলজিয়ান কাপ ও সুপার কাপ জিতে ঐতিহাসিক ট্রেবল উপহার দেন।

খেলোয়াড়ি জীবনেও ভ্যান বোমেল ছিলেন ইউরোপের অন্যতম সফল মিডফিল্ডার। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসভির হয়ে দারুণ সাফল্য পাওয়া এই ডাচ তারকা জাতীয় দলের হয়ে ৭৯টি ম্যাচ খেলেছেন। এছাড়া ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডস দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

ভ্যান বোমেলের কোচিং স্টাফেও থাকছেন অভিজ্ঞ তিন সহকারী—নেদারল্যান্ডস ও চেলসির সাবেক উইঙ্গার বউদেউইন জেনডেন, সাবেক বেলজিয়ান ফুটবলার মার্টেন মার্টেনস এবং রাইনিয়ার রবেনমন্ড।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)