শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ জয়ের রোডম্যাপ দিলেন গাভাস্কার

প্রকাশিত - ২৯ জুলাই, ২০২৬   ০৩:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট দলকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তার মতে, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের বড় মাঠে সফল হতে এখন থেকেই ভারতের মাঠে বড় বাউন্ডারিতে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ভারতের মাঠগুলোতে সিরিজ আয়োজনের সময় বাউন্ডারির পরিধি যতটা সম্ভব বাড়ানো উচিত। এতে ব্যাটাররা বড় মাঠে খেলার বাস্তব অভিজ্ঞতা পাবেন এবং বিশ্বকাপে মানিয়ে নিতে সুবিধা হবে।

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে বাউন্ডারি তুলনামূলক বড়। তাই এখন থেকেই সেই পরিবেশে খেলার প্রস্তুতি নিতে হবে। ভারতের মাঠেও যদি বাউন্ডারি বড় করা যায়, তাহলে বিশ্বকাপে ব্যাটারদের জন্য তা বাড়তি সুবিধা হবে।’

কীভাবে বাউন্ডারি বাড়ানো সম্ভব, সে বিষয়েও পরামর্শ দেন গাভাস্কার। তার ভাষ্য, মাঠের চারপাশে এলইডি বিজ্ঞাপন বোর্ডের পেছনে যে অতিরিক্ত জায়গা থাকে, সেটি কাজে লাগিয়ে বাউন্ডারি আরও বাইরে সরানো যেতে পারে।

শুধু মাঠ নয়, ব্যাটিং কৌশল নিয়েও ভারতীয় ক্রিকেটারদের সতর্ক করেছেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, একদিনের ক্রিকেটে প্রতিটি বল আক্রমণ করার প্রয়োজন নেই। কোন বোলারকে লক্ষ্য করে রান তুলতে হবে এবং কোথায় ঝুঁকি কম নিতে হবে, সেটি বুঝে খেলাই সাফল্যের চাবিকাঠি।

গাভাস্কারের মতে, ওয়ানডেতে প্রায় ২০ থেকে ২৫ ওভার থাকে যেখানে বড় রান তোলার সুযোগ তৈরি করা যায়। সেই সময়টুকু কাজে লাগাতে পারলে ৩৮০ রানের লক্ষ্যও তাড়া করা সম্ভব।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টির মতো অপ্রচলিত শটের ওপর নির্ভর না করে পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটীয় শট খেলাই ওয়ানডেতে দীর্ঘ ইনিংস গড়ার সবচেয়ে কার্যকর উপায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)