২৪ ঘণ্টা অনলাইন : অসংখ্য ব্যর্থতা, প্রত্যাখ্যান আর সংগ্রামের পথ পেরিয়ে অবশেষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে জায়গা করে নিয়েছেন আইভরি কোস্টের তরুণ ফুটবলার ইয়ান দিওমান্দে। তার এই সাফল্যের পেছনে জড়িয়ে আছে প্রয়াত বোন রোক্সানের অটুট বিশ্বাস, যা আজ বাস্তবে রূপ নিয়েছে।
সম্প্রতি বোনকে উদ্দেশ করে লেখা এক আবেগঘন খোলা চিঠিতে দিওমান্দে জানান, যখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, তখন একমাত্র রোক্সানই বিশ্বাস করতেন তিনি একদিন বিশ্বের সেরা ফুটবলারদের একজন হবেন। দিওমান্দের ভাষায়, “সবাই যখন আমাকে নিয়ে সন্দেহ করত, তখন শুধু তুমিই বলতে আমি একদিন পরবর্তী ক্রিশ্চিয়ানো রোনালদো হব।”
ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। বোর্নমাউথ, চেলসি, গ্লাসগো রেঞ্জার্স, অলিম্পিয়াকোস ও ক্রিস্টাল প্যালেসসহ একাধিক ক্লাবের একাডেমিতে ট্রায়াল দিয়েও কোথাও চুক্তি পাননি। প্রতিবারই ফিরতে হয়েছে হতাশ হয়ে। তবে হাল ছাড়েননি তিনি।
ক্রিস্টাল প্যালেসে ট্রায়ালের সময় ক্লাবের দুই খেলোয়াড় এজে ও ওলিস তার পারফরম্যান্সের প্রশংসা করলেও শেষ পর্যন্ত সুযোগ মেলেনি। তবু নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াননি দিওমান্দে।
শৈশবে ভালো ফুটবল বুট কেনার সামর্থ্যও ছিল না তার। কিন্তু রোক্সান সবার সামনে দৃঢ় কণ্ঠে বলতেন, “আমার ভাই একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে।”
রিয়াল মাদ্রিদের বিপক্ষে অভিষেকের পর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে জার্সি বদলের স্মৃতি তুলে ধরে দিওমান্দে লেখেন, “আমরা টিভিতে এমবাপ্পের খেলা দেখতাম। তুমি বলতে, ‘এমবাপ্পে দারুণ, কিন্তু আমার ভাই তার চেয়েও ভালো।’ আমি কখনো বিলাসী জীবন চাইনি, শুধু প্রমাণ করতে চেয়েছি তুমি ভুল ছিলে না।”
বোনকে হারানোর পর ফুটবল মাঠই তার সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, “মাঠই এখন সেই জায়গা, যেখানে আমি তোমার সঙ্গে কথা বলি। শুধু তুমি যদি আজ বেঁচে থাকতে! আমরা পেরেছি, রোক্সান। তুমি যা বলেছিলে, সব সত্যি হয়েছে।”
অবশেষে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে নিজের প্রতিশ্রুতিও স্মরণ করেছেন দিওমান্দে। তার কথায়, “তোমার বিশ্বাসকে আমি সত্যি করবই। প্রয়োজন হলে মাঠেই নিজের সবকিছু উজাড় করে দেব।”
সংগ্রাম, আত্মবিশ্বাস এবং এক বোনের অটুট বিশ্বাস—এই তিনের সমন্বয়েই ইয়ান দিওমান্দের রিয়াল মাদ্রিদে পৌঁছানোর গল্প আজ ফুটবল বিশ্বের অনুপ্রেরণার এক নতুন অধ্যায়।
