২৪ঘন্টা অনলাইন : ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরের দল থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা। উন্নত চিকিৎসা ও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদকে মূলত সাইড স্ট্রেইনের চিকিৎসার জন্য নয়, বরং দীর্ঘদিনের শিনবোন (টিবিয়া) সমস্যার মূল্যায়নের জন্য অস্ট্রেলিয়ায় নেওয়া হয়েছে। তার দুই পায়ের শিনবোনে দীর্ঘদিন ধরে ব্যথা রয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ক্রনিক শিনবোন’ সমস্যা হিসেবে পরিচিত।
অস্ট্রেলিয়ায় পৌঁছে নাহিদ বর্তমানে প্রয়োজনীয় স্ক্যানের অপেক্ষায় রয়েছেন। স্ক্যানের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে।
নাহিদের চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।
উল্লেখ্য, নাহিদ রানা ছাড়াও ইনজুরির কারণে জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার—শরিফুল ইসলাম ও লিটন দাসসহ একাধিক খেলোয়াড় অস্ট্রেলিয়া সফরের আগে দলে অনিশ্চয়তা তৈরি করেছেন। তাদের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
