শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৬   ০৩:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার ও এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। ৬৬ বছর বয়সে ৩১ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান।

ক্লাবটির এক শোকবার্তায় বলা হয়, “ফ্রাঙ্কো বারেসির বিদায়ে পুরো মিলান পরিবার শোকাহত। তার সততা, নেতৃত্ব ও আদর্শ আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। তার কিংবদন্তি ৬ নম্বর জার্সিও চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

১৯৮২ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বারেসি। যদিও সেই আসরে মাঠে নামার সুযোগ হয়নি, পরে ইতালির রক্ষণভাগের অন্যতম ভরসায় পরিণত হন তিনি। ১৯৯০ বিশ্বকাপে অলস্টার দলে জায়গা করে নেওয়া এবং ১৯৯৪ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ইতালিকে ফাইনালে তোলার কৃতিত্বও তার ঝুলিতে রয়েছে।

পুরো ক্লাব ক্যারিয়ার কাটিয়েছেন একমাত্র এসি মিলানে। ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা দুই দশক ক্লাবটির হয়ে খেলেছেন তিনি। মিলানের জার্সিতে ৭১৯ ম্যাচ খেলে জিতেছেন তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ), ছয়টি সিরি ‘আ’ শিরোপাসহ মোট ১৯টি ট্রফি। দীর্ঘ ১৫ মৌসুম ক্লাবটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অবসরের পর তার সম্মানে এসি মিলান ৬ নম্বর জার্সিটি স্থায়ীভাবে তুলে রাখে, যা ক্লাবটির ইতিহাসে প্রথম এমন সম্মান।

বারেসির মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ২০২৫ সালে ফুসফুসে টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার হয়েছিল তার। এরপর দীর্ঘ সময় জনসমক্ষে দেখা যায়নি এই কিংবদন্তিকে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে মিলানের সান সিরো স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের মশাল বহন করতে দেখা যায় তাকে।

ইতালিয়ান ফুটবলের স্বর্ণযুগের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত বারেসি তার অসাধারণ নেতৃত্ব, নিখুঁত ট্যাকলিং ও রক্ষণভাগে অনন্য দক্ষতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইতালিয়ান ফুটবল এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)