শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মিরাজের অধিনায়কত্বে ইতি

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৬   ০৪:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। এর মধ্য দিয়ে ১৩ মাসের মিরাজ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

২০২৫ সালের ১২ জুন ওয়ানডে দলের নেতৃত্ব পান মিরাজ। দায়িত্ব নেওয়ার পর তার অধীনে বাংলাদেশ ২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ১০টিতে, হার ১৩টিতে। একটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে পরাজিত হয় টাইগাররা। সব মিলিয়ে তার জয়ের হার ছিল ৪৩.৭৫ শতাংশ।

মিরাজের নেতৃত্বে বাংলাদেশের সাফল্যের বেশিরভাগই এসেছে দেশের মাটিতে। বিদেশের মাটিতে চিত্র ছিল একেবারেই ভিন্ন। দেশের বাইরে ১৩টি ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে দুটি সিরিজেই ৩-০ ব্যবধানে হারের পাশাপাশি সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজ খোয়াতে হয়েছে।

মিরাজকে অধিনায়ক করা হয়েছিল আকস্মিকভাবেই। তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড নাজমুল হোসেন শান্তকে সরিয়ে তার হাতে দায়িত্ব তুলে দেয়। তবে সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক ব্যর্থতা এবং মাঠে নেতৃত্বের নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে জিম্বাবুয়ে সফরের হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে পরিবর্তনের আলোচনা জোরালো হয়।

নতুন সভাপতি তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড শেষ পর্যন্ত সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নেয়।

ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রত্যাশা পূরণ করতে পারেননি মিরাজ। অধিনায়ক হিসেবে ২৪ ম্যাচে ২১ ইনিংসে ব্যাট করে ৪৯০ রান করেন তিনি। গড় ২৭.২২, স্ট্রাইক রেট ৭১.৩২। চারটি অর্ধশতকের মধ্যে প্রথম চার ম্যাচেই আসে তিনটি।

তবে বোলিংয়ে তুলনামূলক ভালো ছিলেন এই অলরাউন্ডার। ২৪ ইনিংসে শিকার করেন ২৪ উইকেট, ইকোনমি রেট ছিল ৪.৪২। তবুও আধুনিক ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে ব্যাটিংয়ে ধারাবাহিক অবদান রাখতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

এদিকে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনও নির্বাচকদের ভাবনায় প্রভাব ফেলেছে। ব্যাট হাতে কার্যকর পারফরম্যান্স করে তিনি দলে নিজের অবস্থান শক্ত করেছেন।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা থাকলেও মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অধিনায়কত্ব হারালেন মেহেদী হাসান মিরাজ। এখন নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন অধ্যায় শুরু করছে বাংলাদেশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)