২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণ আফ্রিকায় চলমান ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সোমবার প্রিটোরিয়ায় ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ)-কে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের নায়ক পেসার ইকবাল হোসেন ইমন, যিনি পাঁচ উইকেট শিকার করে প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দেননি।
প্রথমে ব্যাট করে ইউএসএসএ ৪৭ ওভারে ২৪৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান তুললে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে ডিএল পদ্ধতিতে বাংলাদেশকে ২৬ রানের জয়ী ঘোষণা করা হয়।
বাংলাদেশের হয়ে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেন ইকবাল হোসেন ইমন। ৪৩ রান খরচায় ৫ উইকেট নিয়ে তিনি ইউএসএসএর ব্যাটিং লাইনআপে ধস নামান। এছাড়া রহমান দৌলা বর্ষণ দুটি এবং চৌধুরী রিজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব একটি করে উইকেট নেন।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৮০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন অধিনায়ক জাকির হাসান (১২), শাহাদাত হোসেন দীপু (১৮) ও ওপেনার মাহফিজুল রবিন (৩৪)।
তবে চতুর্থ উইকেটে দুর্দান্ত জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মাহিদুল ইসলাম অঙ্কন ও ইফতেখার হোসেন ইফতি। দুজন মিলে অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। ইফতি ৮৫ বলে ৭১ এবং মাহিদুল ৬৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর এই জয় বাংলাদেশ ইমার্জিং দলের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ বার্তা হয়ে এসেছে।
