২৪ ঘণ্টা অনলাইন : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে এক ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন খেলোয়াড় আহত হয়েছেন।
গত ৫ আগস্ট শান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থানীয় ‘গোলক এফএ কাপ’ টুর্নামেন্টের এক ম্যাচে স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন মুখোমুখি হয়। ম্যাচ চলাকালে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বজ্রপাতের পর একাধিক খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়েন।
বজ্রপাতে গুরুতর আহত হন স্যামকোল্টসের ২৪ বছর বয়সী উইঙ্গার সফওয়ান আওয়ায়ে। ঘটনাস্থলেই সতীর্থরা তাকে প্রাথমিক চিকিৎসা ও কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার চেষ্টা করেন। পরে জরুরি চিকিৎসা দলও তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আহত ১২ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
সম্প্রতি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সফওয়ান আওয়ায়ে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি। এক শোকবার্তায় ইয়ালা এফসি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটিতে বজ্রপাতে অন্তত ২৮৩ জনের প্রাণহানি ঘটেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
