২৪ ঘণ্টা অনলাইন : লিভারপুলের সঙ্গে দীর্ঘ অধ্যায় শেষ করে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দিয়েছেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ইউরোপে থাকার সিদ্ধান্ত নিয়ে সৌদি আরবের বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে ট্রাবজোনস্পরকে বেছে নিয়েছেন তিনি।
নতুন ক্লাবে যোগ দেওয়ার পরই সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সালাহ। রাজকীয় সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে ট্রাবজোনস্পরের ভক্তরা। ক্লাবটির হয়ে প্রতি মৌসুমে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ টাকা পারিশ্রমিক পাবেন তিনি। এর মাধ্যমে তুরস্কের সুপার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়েছেন সালাহ।
এর আগে এই রেকর্ড ছিল নাইজেরিয়ার ফরোয়ার্ড ভিক্টর ওসিমেনের দখলে। সর্বশেষ মৌসুমে গ্যালাতাসারাই তাকে ১ কোটি ৫০ লাখ ইউরোর চুক্তিতে দলে নিয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি টাকা।
তবে পারিশ্রমিক ও সমর্থকদের ভালোবাসার পাশাপাশি তুরস্কে আরও একটি বিশেষ উপহার পেয়েছেন সালাহ। বাড়ি নির্মাণের জন্য তাকে একখণ্ড জমি উপহার দিয়েছেন ট্রাবজোনের আরাকলি শহরের মেয়র হুসেইন আভনি কোশকুন চেবি।
সালাহকে জমি দেওয়ার প্রসঙ্গে মেয়র তুরস্ক ও মিশরের মধ্যে বিভিন্ন মিলের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশই সুন্দর, তবে উভয় দেশের মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।
পরে বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি উল্লেখ করে সালাহকে জমি উপহারের কারণ ব্যাখ্যা করেন মেয়র। তার দাবি, ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে মিশরে বসবাস কঠিন হয়ে উঠতে পারে। তবে ট্রাবজোনের ওই অঞ্চল তুলনামূলকভাবে উষ্ণায়নের প্রভাব থেকে নিরাপদ থাকবে এবং বসবাসের জন্য উপযোগী হবে।
মেয়র বলেন, ভবিষ্যতে সালাহর সন্তান ও নাতি-নাতনিদের জন্যও জায়গাটি সুন্দর একটি আবাসস্থল হতে পারে। সেখানে পানির সংকটও হবে না বলে উল্লেখ করেন তিনি।
ট্রাবজোনস্পরের সঙ্গে দুই বছরের চুক্তি করা সালাহ মেয়রের উপহারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
