২৪ ঘণ্টা অনলাইন : ফুটবলে বাবার পথেই এগোচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে। বাবার ক্লাব বদলের সঙ্গে সঙ্গে তাকেও দেখা গেছে একই ক্লাবের বয়সভিত্তিক দলে। এবার ছেলের পারফরম্যান্স ও সম্ভাবনা নিয়ে বড় মন্তব্য করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদোর বিশ্বাস, তার ছেলে ভবিষ্যতে তাকে ছাড়িয়ে যেতে পারে। তবে সাফল্যের পথে এগিয়ে যেতে হলে ক্ষুধা বা জয়ের তাড়না ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আল নাসরের অনূর্ধ্ব-১৬ দলের অনুশীলন দেখতে দেখা যায় রোনালদোকে। সেখানে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছিল তার ছেলেও।
পাশে থাকা এক কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় ছেলেকে নিয়ে রোনালদো বলেন, সে খুব ভালো খেলোয়াড় এবং তার বয়সে তিনি নিজে যেমন ছিলেন, ছেলের শারীরিক সক্ষমতা তার চেয়েও বেশি।
রোনালদোর ভাষায়, ছোটবেলায় তিনি নিজে তুলনামূলক রোগা-পাতলা ছিলেন। তবে তার ছেলে শারীরিকভাবে আরও শক্তিশালী এবং ভবিষ্যতে উচ্চতায়ও তাকে ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে ছেলের মধ্যে কোনো সমস্যা দেখছেন না বলেও জানান তিনি।
তবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও একটি বিষয়ে সতর্ক করেছেন রোনালদো। তার মতে, ফুটবলে এগিয়ে যাওয়ার জন্য প্রতিভার পাশাপাশি সাফল্যের ক্ষুধা ধরে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দীর্ঘ সময় সেই মানসিকতা ধরে রাখাই সবচেয়ে কঠিন।
২০২২ সালে আল নাসরে যোগ দেন রোনালদো। এর পরের বছর তার ছেলে ক্লাবটির অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেয়। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে বাবার সঙ্গে যুব দলের অনুশীলনেও অংশ নিয়েছিল সে।
চলতি বছরের মার্চে আল নাসরের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় রোনালদোর ছেলেকে। পরে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গেও অনুশীলন করেছে সে। এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ম্যাচেও মাঠে নেমেছে রোনালদোর ছেলে।
বাবার মতোই ফুটবলে নিজের পরিচয় তৈরি করার পথে এগোচ্ছে সে। আর রোনালদোর বিশ্বাস, সঠিকভাবে এগোতে পারলে একদিন তার ছেলেই হয়তো তাকে ছাড়িয়ে যাবে।
