শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৫৪ রানে গুটিয়ে বাংলাদেশের বড় হার

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৬   ১১:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচেই বড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়ে এক ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

ডারউইনে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করে। জবাবে ৩৫৫ রান তোলে অস্ট্রেলিয়া একাদশ। ফলে প্রথম ইনিংসে ৯২ রানের লিড পায় স্বাগতিকরা।

লিড পুষিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। মাত্র ২১.৬ ওভারে ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল নায়ক ছিলেন অস্ট্রেলিয়া একাদশের ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভারে ২৫ রান দিয়ে তিনি শিকার করেন ৮টি উইকেট। বাকি দুটি উইকেট নেন কোরি রকিচোলি।

আগের দিন দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম ও মুমিনুল হক দুজনই ৬ রান করে থম্পসনের বলে আউট হন। শনিবার ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো রান না করেই এলবিডব্লিউ হন। সৌম্য সরকার ৫ এবং মুশফিকুর রহিম করেন ২ রান।

একপর্যায়ে মাত্র ৩৬ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অমিত হাসান ৪ রান করে ফিরে যাওয়ার পর মেহেদী হাসান মিরাজও দ্রুত আউট হলে ৪৫ রানেই ছয় উইকেট হারায় দলটি।

শেষদিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো আর কোনো ব্যাটার ছিলেন না। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে আউট করে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটান থম্পসন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের এমন অসহায় ব্যাটিং পারফরম্যান্স তাই দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)