শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নিষেধাজ্ঞা পেরিয়ে চ্যাম্পিয়ন বিকেএসপি

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৬   ১১:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। একসময় ফুটবল থেকে নিষিদ্ধ হওয়া এই প্রতিষ্ঠানটি এবার এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে।

১২ ম্যাচ শেষে বিকেএসপির পয়েন্ট ২৯। পয়েন্ট তালিকার অন্য কোনো দলের পক্ষে শেষ ম্যাচে ২৯ পয়েন্টে পৌঁছানো সম্ভব নয়। ফলে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যায় বিকেএসপি।

এর আগে কয়েকজন খেলোয়াড় নাম পরিবর্তন করে জুনিয়র ডিভিশনে অন্য ক্লাবের হয়ে খেলায় প্রায় দুই বছর আগে বিকেএসপিকে ফুটবল থেকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে প্রতিষ্ঠান হিসেবে বিকেএসপি ওই ঘটনায় জড়িত নয় দাবি করে আপিল করলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এবারের সাফল্যের পেছনে বড় চ্যালেঞ্জও ছিল। বিকেএসপির প্রায় ২০ জন খেলোয়াড় অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে থাকায় লিগের মাঝপথে বেশ কয়েকজন ফুটবলার পরিবর্তন করতে হয়েছে। এরপরও শেষ আট ম্যাচে তুলনামূলক অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে মাত্র দুটি ম্যাচে ড্র করেছে দলটি।

দলের প্রধান কোচ কনক জুম্মো জানান, খেলোয়াড় পরিবর্তনের পরও দলের পারফরম্যান্সে বড় কোনো প্রভাব পড়েনি। এর আগে প্রধান কোচের দায়িত্বে ছিলেন ইমরুল হাসান। অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর কনক জুম্মো দায়িত্ব নেন।

সম্প্রতি বিকেএসপিতে গোলরক্ষক কোচ হিসেবে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্য। তিনি জানান, বিকেএসপি থেকে মানসম্পন্ন গোলরক্ষক তৈরি করে তাদের মাধ্যমে দীর্ঘদিন দেশের ফুটবলকে সেবা দেওয়াই তার লক্ষ্য।

চ্যাম্পিয়ন বিকেএসপি দলে কেন্দ্রীয় ক্যাম্পের পাশাপাশি আঞ্চলিক বিকেএসপির খেলোয়াড়রাও রয়েছেন। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ লিগের ম্যাচগুলোতে অংশ নিতে খেলার আগের দিন পল্টনের একটি হোটেলে অবস্থান করত দলটি।

কোচিং স্টাফদের মতে, বিকেএসপি কর্তৃপক্ষ দ্বিতীয় বিভাগ লিগকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ায় দলটির এই সাফল্য এসেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)