২৪ঘণ্টা অনলাইন : ভারত নাম প্রত্যাহার করায় শেষ মুহূর্তে ফিফার অর্থায়নে আয়োজিত আসিয়ান কাপের সুযোগ পেয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার বিকেলে বাফুফের জাতীয় দল কমিটির বিশেষ সভায় আসিয়ান কাপে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, টুর্নামেন্টে বাংলাদেশকে পাঠানোর ব্যাপারে সবাই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।
আসিয়ান কাপে অংশ নেওয়া দলগুলোর যাতায়াত ও আবাসনসহ বিভিন্ন খরচ আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে। ফলে এই টুর্নামেন্টে অংশ নিতে বাফুফের অতিরিক্ত আর্থিক চাপও থাকছে না।
শুরুতে আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সুযোগ ছিল না। ভারত অংশ নেওয়ার কথা থাকলেও ব্রাজিলের বিপক্ষে ৩ অক্টোবরের ম্যাচকে সামনে রেখে তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। এর আগে একটি দল সরে গেলে পাকিস্তানকে সুযোগ দেওয়া হয়েছিল। এবার ভারতের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সেপ্টেম্বরে ঢাকায় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। একই সময়ে কিরগিজস্তানেও খেলার আমন্ত্রণ থাকায় সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় ছিল ফেডারেশন। তবে আসিয়ান কাপের আমন্ত্রণ পাওয়ায় সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।
ভারত অংশ না নেওয়ায় বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলতে পারে। সম্ভাব্য গ্রুপে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে হামজা চৌধুরীদের দল।
