২৪ঘণ্টা অনলাইন : সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে ইকুয়েডরের ক্লাব মাকারার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সান্তোস। ম্যাচে গোল করতে না পারলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমার। তার করা দুটি অ্যাসিস্ট থেকেই সান্তোসের দুই গোল এসেছে।
তবে ম্যাচ চলাকালে একটি ভুল পাসের পর গ্যালারি থেকে দুয়ো শুনতে হয় ব্রাজিলিয়ান তারকাকে। এ ঘটনায় হতাশা প্রকাশ করে সমর্থকদের দলকে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, দল যখন এক গোলে পিছিয়ে ছিল, তখন সমর্থকদের হতাশা তিনি বুঝতে পারছিলেন। তবে এমন পরিস্থিতিতে নেতিবাচক মনোভাব না দেখিয়ে দলকে সমর্থন করা উচিত।
নেইমার বলেন, সমালোচনা না করে খেলোয়াড়দের পাশে থাকার অনুরোধ করেছিলেন তিনি। কারণ তখনো ম্যাচ শেষ হতে প্রায় এক ঘণ্টা বাকি ছিল এবং ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ ছিল।
মাকারার বিপক্ষে জয়ে নেইমারের দুটি অ্যাসিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তোস।
