শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

১২৪৪ কোটি সিড মানি, ফুটবলে ৫০ কোটি

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৬   ০৯:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ১ হাজার ২৪৪ কোটি টাকার সিড মানি অনুমোদনের কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রায় ৫০ কোটি টাকা পেতে পারে।

১৬ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদে নবগঠিত ১৪টি ফেডারেশনের এডহক কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিড মানির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

তিনি বলেন, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফেডারেশনগুলোর মধ্যে এই তহবিল ভাগ করে দেওয়া হবে। তহবিল থেকে পাওয়া লভ্যাংশের ৭৫ শতাংশ প্রতিবছর সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে দেওয়া হবে। এই অর্থ দিয়ে খেলাধুলার দৈনন্দিন কার্যক্রম ও খেলোয়াড়দের কল্যাণে ব্যয় করা যাবে।

বাকি ২৫ শতাংশ মূল তহবিলে পুনর্বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে ক্রীড়া খাতে একটি টেকসই আর্থিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

ফুটবল ফেডারেশন প্রায় ৫০ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। হকি ফেডারেশনসহ অন্যান্য শীর্ষ ফেডারেশনও উল্লেখযোগ্য অর্থ পেতে পারে। তবে চূড়ান্ত অনুমোদনের পর জাতীয় ক্রীড়া পরিষদ এ বিষয়ে বিস্তারিত জানাবে।

ক্রীড়াঙ্গনে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শুধু সাংগঠনিক শাস্তি নয়, প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভায় নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি ক্রীড়া কমপ্লেক্সে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়া আগামী পাঁচ বছরের জন্য সুনির্দিষ্ট ক্রীড়া পঞ্জিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ফেডারেশনকে বছরে অন্তত চারটি জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে।

ক্রীড়া ভাতা পাওয়া খেলোয়াড়দের পারফরম্যান্সও প্রতি চার মাস পরপর পর্যালোচনা করা হবে। ধারাবাহিকভাবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ দিয়ে নতুন সম্ভাবনাময় খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হবে।

আগামীকাল আরও ১৩টি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)