২৪ঘণ্টা অনলাইন : ম্যাচ বা সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আলাদা করে বোনাস দেওয়ার প্রচলিত রীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ক্রিকেটারদের বড় অঙ্কের পুরস্কার দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে বিসিবির এক পরিচালক জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ম্যাচ বা সিরিজের ফলাফলের ভিত্তিতে তাৎক্ষণিক বোনাস দেওয়ার প্রথা আর রাখতে চায় না বোর্ড।
বিসিবির ওই পরিচালক জানান, ম্যাচ বা সিরিজভিত্তিক বোনাসের পরিবর্তে বছর শেষে ক্রিকেটারদের সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করে পুরস্কৃত করার পরিকল্পনা করা হচ্ছে। এতে সারা বছরের ধারাবাহিক পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
বিসিবি সভাপতি তামিম ইকবালও সম্প্রতি বোনাস নিয়ে একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তার মতে, প্রতিটি সিরিজ জয়ের পর বোনাস ঘোষণা এবং ব্যর্থতার পর খেলোয়াড়দের জবাবদিহির মুখে দাঁড় করানো—এভাবে ক্রিকেট পরিচালনা করা উচিত নয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বোনাস দেওয়া হবে কি না জানতে চাইলে তামিম বিষয়টি অভ্যন্তরীণ রাখার কথা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের এই অর্জনে গর্ব প্রকাশ করেন এবং এই জয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচে ৯ উইকেট শিকার করেন টাইগার পেসার হাসান মাহমুদ এবং জেতেন ম্যাচসেরার পুরস্কার।
