বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, এ বছর বিপিএল আয়োজন করা হবে না।
তামিম বলেন, বিপিএলের সর্বশেষ দুই আসরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে আরও বড় আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলে এই মুহূর্তে টুর্নামেন্ট আয়োজনকে অগ্রাধিকার দিতে চান না তিনি।
বিপিএলকে একটি সম্ভাবনাময় ক্রিকেট পণ্য উল্লেখ করে তামিম বলেন, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে আয়োজন করা গেলে এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়ানো সম্ভব। প্রয়োজন হলে ১২, ১৮ কিংবা ২৪ মাস সময় নিয়ে হলেও ভবিষ্যতে সুষ্ঠুভাবে বিপিএল আয়োজন করতে চান তিনি।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি আনার সম্ভাবনা নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তার মতে, দেশের আইন, নীতিমালা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নীতিগত কোনো বাধা থাকলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা সম্ভব হবে না।
