২৪ঘণ্টা অনলাইন : ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সাবেক ক্লাব নিউইয়র্ক কসমাসে অভিষেকেই নিজের সামর্থ্যের জানান দিলেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার সামিত সোম। ফোর্ট ওয়েন এফসির বিপক্ষে কসমাসের ৪-২ গোলের জয়ে মাঝমাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন তিনি।
পুরো ৯০ মিনিট মাঠে থাকা সামিত ছিলেন কসমাসের আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই গুরুত্বপূর্ণ। ম্যাচের গতি নিয়ন্ত্রণ, আক্রমণ তৈরি এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে বারবার কার্যকর ভূমিকা রাখেন এই মিডফিল্ডার।
৪৪তম মিনিটে সামিতের চমৎকার পাস থেকে গোল করে কসমাসকে এগিয়ে দেন লামিন জাওনে। প্রথমার্ধের যোগ করা সময়ে সেরহিও চাভেজ গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নিউইয়র্কের দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সেবাস্তিয়ান গুয়েনজাত্তির গোলে ব্যবধান ৩-০ হয়। ৬৬তম মিনিটে ফোর্ট ওয়েনের রায়ান বেচার একটি গোল শোধ করলেও পাঁচ মিনিট পর আবারও আলো ছড়ান সামিত।
জাওনের সঙ্গে দারুণ সমন্বয় করে তাকে দিয়ে নিজের দ্বিতীয় অ্যাসিস্ট করান ২৯ বছর বয়সী এই ফুটবলার। সামিতের ওই সহায়তায় কসমাসের লিড ৪-১ হয়। শেষ দিকে আরও একটি গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে নিউইয়র্ক কসমাস।
পরিসংখ্যানেও উজ্জ্বল ছিলেন সামিত। ম্যাচে ৪৭ বার বল স্পর্শ করে ৩৮টির মধ্যে ৩১টি পাস সফল করেন তিনি। ফাইনাল থার্ডে তার পাস ছিল ৭টি এবং ৫টি লং বলের ৪টিই ছিল সফল। পাশাপাশি দুটি বড় সুযোগ তৈরি করেন।
রক্ষণেও সক্রিয় ছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার। জিতেছেন তিনটি ট্যাকল এবং করেছেন দুটি বল রিকভারি। দুটি অ্যাসিস্টের সুবাদে ফুটবল অ্যাপ ফটমব থেকে ৮.৬ রেটিং পেয়েছেন সামিত সোম।
পেলের ক্লাব নিউইয়র্ক কসমাসে অভিষেক ম্যাচেই এমন পারফরম্যান্স সামিতের জন্য যেমন আত্মবিশ্বাস বাড়াবে, তেমনি বাংলাদেশের ফুটবলের জন্যও এটি একটি ইতিবাচক বার্তা।
