২৪ঘণ্টা অনলাইন : যুব এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে প্রতিযোগিতায় কঠিন পরিস্থিতিতে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে এগিয়ে থেকেও হারতে হয়েছিল বাংলাদেশকে। ফলে টানা দুই হারে গ্রুপ পর্বে এখন বেশ চাপে রয়েছে দলটি।
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া। বিরতির আগে একটি গোল শোধ করে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে মাহাদী হাসানের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ফলে ২-২ সমতায় শেষ হয় তৃতীয় কোয়ার্টার।
তবে শেষ কোয়ার্টারে ছন্দ হারায় বাংলাদেশ। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়ে দলটি। শেষ নয় মিনিটে আর গোল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
টানা দুই হারে গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন নিচের দিকে। পরবর্তী দুই ম্যাচে কাজাখস্তান ও পাকিস্তানের মুখোমুখি হবে তারা। কাজাখস্তানের তুলনায় পাকিস্তানের বিপক্ষের ম্যাচটিই বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
পাকিস্তানকে হারাতে পারলে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে। সেই ম্যাচ জিততে পারলে যুব বিশ্বকাপে খেলার সম্ভাবনাও টিকে থাকবে। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ লড়াই হয়ে উঠতে পারে
