শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আইসিসির নতুন পরিকল্পনায় ভারত-পাকিস্তান

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৬   ০১:৪০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্টের বাইরে আবারও ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। তিন বা চার দেশকে নিয়ে নতুন একটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম দাবি করেছে।

আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের সূচি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনাও আলোচনায় আসতে পারে।

একসময় নিয়মিত ত্রিদেশীয় প্রতিযোগিতায় মুখোমুখি হতো ভারত ও পাকিস্তান। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন ত্রিদেশীয় সিরিজে দুই দল অংশ নিয়েছে। সর্বশেষ ২০০৮ সালের জুনে বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারত ও পাকিস্তান একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল।

তবে ২০০৮ সালের মুম্বাই হামলার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের বড় পরিবর্তন ঘটে। এরপর থেকে ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। এশিয়া কাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুদলীয় আসরেই তাদের লড়াই সীমাবদ্ধ রয়েছে।

আইসিসি নতুন কোনো প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিলেও ভারত তাতে অংশ নেবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক বা অন্য কোনো সিরিজ খেলার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশটির সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে।

ফলে আইসিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারত-পাকিস্তানকে একই টুর্নামেন্টে দেখা যেতে পারে কি না, তা নির্ভর করবে ভারতের সরকারি সিদ্ধান্তের ওপর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)