শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাজশাহীর কোর্টে শি চাওয়ের দারুণ সূচনা

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ০৪:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বয়স মাত্র ১৪, কিন্তু এরই মধ্যে টেনিস কোর্টে তার পরিণত পদচারণা অবাক করছে সবাইকে। চীনের উদীয়মান টেনিস প্রতিভা শি চাও দুর্দান্ত শুরু করেছে। আন্তর্জাতিক অঙ্গনে নিজের জাত চেনাতে তিনি এখন অবস্থান করছেন বাংলাদেশের রাজশাহীতে। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া '৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬'-এ অংশ নিতে এসে প্রাক-প্রস্তুতির প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন এই কিশোর।

রাজশাহীর টেনিস কমপ্লেক্সের ২ নম্বর কোর্টে ওয়াইল্ড কার্ড নিয়ে প্রাক-বাছাই ম্যাচ খেলতে নামেন শি চাও। প্রথমবার দেশের বাইরে খেলতে এসেও তার র‍্যাকেটের জাদুতে কোনো কমতি ছিল না। প্রতিপক্ষ আরিফ হোসেনকে ৬-০ ও ৬-২ গেমের সরাসরি সেটে হারিয়ে দাপটের সাথেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব নিশ্চিত করেছেন তিনি। আগামীকাল তাকে দেখা যাবে গ্রুপ পর্বের লড়াইয়ে।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে শি চাও বলেন, "দেশের বাইরে এটিই আমার প্রথম টুর্নামেন্ট, তাই শুরুতে কিছুটা চাপ অনুভব করছিলাম। তবে চিরচেনা টেনিস কোর্টে নামার পর সবকিছু আবার সহজ হয়ে যায়।" রাজশাহীর পরিবেশ ও আবহাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "বিদেশের মাটিতে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। এখানকার আবহাওয়া কিছুটা গরম, তবে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার প্রধান লক্ষ্য শিরোপা জয় করা, যদিও আমি জানি কাজটা মোটেও সহজ হবে না। এখানে বিভিন্ন দেশের অনেক ভালো খেলোয়াড় অংশ নিচ্ছেন।" প্রতিপক্ষ আরিফ সম্পর্কে তার মূল্যায়ন ছিল পরিপক্ব, "আরিফ বেশ ভালো খেলেছে, তবে আমি শুধু তার ভুলগুলোকে কাজে লাগিয়ে পয়েন্ট তুলে নিয়েছি।"

২০১২ সালের ২৫ মে জন্মগ্রহণ করা শিচিয়াওয়ের টেনিসের হাতেখড়ি মাত্র পাঁচ বছর বয়সে। এরপর থেকে টেনিসই তার ধ্যানজ্ঞান। নিজেকে শানিত করতে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত শেনজেন নানশান ডিস্ট্রিক্ট টেনিস টিমের হয়ে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অসাধারণ ফিটনেস, কোর্ট কভারেজ ও দূরদর্শী শটের কারণে চীনের ঘরোয়া বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে তিনি অত্যন্ত পরিচিত একটি নাম।

সাম্প্রতিক সময়ে তার অর্জনের ঝুলিও বেশ সমৃদ্ধ। ২০২৫ সালের "কুইবু কাপ" টুর্নামেন্টে বি-৫০০ (B500) ডিভিশন, ২০২৪ সালের হংজিন ডি অনূর্ধ্ব-১২, ২০২৩ সালের "জুনতাই কাপ" ইয়ুথ টেনিস ওপেন (অনূর্ধ্ব-১২ দ্বৈত) এবং ২০২২ সালের "ঝেনঝু কাপ" (অনূর্ধ্ব-১০ একক) সহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি।

কোর্টে অপ্রতিরোধ্য এই লড়াকু কিশোর ব্যক্তিজীবনে বেশ শান্ত ও সৃজনশীল। অবসরে বই পড়া, বোর্ড গেম, দাবা খেলা, ছবি আঁকা এবং লেগো দিয়ে নানা কিছু তৈরি করা তার প্রিয় শখ। এই শখগুলোই তাকে কোর্টে আরও মনোযোগী ও কৌশলী হতে সাহায্য করে।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (ITF) অনুমোদনে আয়োজিত রাজশাহীর এই মহারণে বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রের শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু জানিয়েছেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের জন্য আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা ভারতের হোয়াইট ব্যাজ রেফারি জয় মুখার্জীর মতে, তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা প্রমাণের জন্য এটি একটি দুর্দান্ত মঞ্চ।

আর সেই মঞ্চেই এখন নজর সবার-চীনের বয়সভিত্তিক গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শি চাও নিজেকে কতটা মেলে ধরতে পারেন, রাজশাহীর কোর্টেই মিলবে তার উত্তর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)