নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৩ রানেই তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছিল বাংলাদেশ দল। তবে চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও দলনেতা নাজমুল হাসান শান্ত। আর তাতেই বাড়ছে বাংলাদেশের লিড।
চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১২৪ রান। ফলে ২৩০ রানের লিড নিয়েছে টাইগাররা।
দুদলের প্রথম ইনিংস শেষে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। খানিক পরে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। আর আগের ইনিংসে দুর্দান্ত ব্যাট করা তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি।
ব্যাট হাতে সাদমান ইসলাম ২২ বলে করেন ১৩ রান। আর ১৪ বলে ৭ রান করেন মুমিনুল হক। এদিকে ওয়ানডে ধাঁচে ব্যাট করতে থাকা বাংলাদেশি ওপেনার তানজিদ করেন ৩৮ বলে ৩১ রান।
অবশ্য চতুর্থ উইকেটে দারুণ খেলে যাচ্ছে মুশফিকুর রহিম ও নাজমুল হাসান শান্ত। এখন পর্যন্ত দুজন মিলে গড়েছেন অপ্রতিরোধ্য ৭১ রানের জুটি। ফিফটি থেকে ২ রান দূরে অবস্থান করছেন মুশফিক। আর ২৩ রানে অপরাজিত আছেন শান্ত।
