২৪ঘন্টা অনলাইন: ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। বলা যায় ৭ দিনের মধ্যেই দেশের পর আফ্রিকার মাটিতে নামছে। বরিবার সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে দুই দল। এই ম্যাচের আগে বাংলাদেশকে সমীহ করলেও ফেবারিট হিসেবেই নামছে প্রোটিয়ারা। বিশেষ করে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বেশ ফুরফুরে অবস্থায় রয়েছে বাভুমার দল। দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ফর্মের বিপরীতে বাংলাদেশের সময়টা খুবই বাজে যাচ্ছে। ব্যর্থতায় আত্মবিশ্বাসেও ভাটা পড়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের। কাগিসো রাবাদা অবশ্য প্রতিপক্ষের দুঃসময় নিয়ে না ভেবে সেরা ক্রিকেট খেলার তাগিদ দিলেন সতীর্থদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকেই একের পর এক হতাশ করছে বাংলাদেশ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হার সমতূল্য ড্রয়ের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নেয় দল। এরপর নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। টানা ব্যর্থতায় ভক্তদের রোষানলে পুরো দল। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আরও একটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যর্থতার অন্যতম কারণ ব্যাটারদের অফফর্ম। সংস্করণ যেটাই হোক, মুখ থুবড়ে পড়ছে ব্যাটিং লাইন। দেশের মাঠ বা এশিয়াতেই যখন এই অবস্থা, তখন দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে কী হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যাটারদের এই ব্যর্থতা অব্যাহত থাকলে আরও একটি দুঃসহ সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এত কিছুর পরও সফরকারীদের সমীহ করছেন রাবাদা। বাংলাদেশের ব্যাটারদের এই অফফর্ম নিজেদের জন্য সুবিধা বয়ে আনবে কি না, এমন প্রশ্নের জবাবে রাবাদা বলেন, ‘বাংলাদেশের টপ অর্ডারের কী খবর, সেটা নিয়ে আসলে আমরা ভাবছি না। একটি বোরিং উত্তর দিচ্ছি। তারা কী করছে সেসব জানার চেয়ে বরং নিজেরা ভালো ক্রিকেট খেলতে চাই।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ সাড়া ছিল দর্শকদের। যেটা মুগ্ধ করেছে রাবাদাকে। ব্যস্ততার মাঝেও দর্শকদের এমন আগ্রহ দেখে রীতিমতো অবাক তিনি, ‘সেই সিরিজে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) সবার আগ্রহ আমাকে অবাক করেছে। মাঠে নিজেদের কাজেই মনোযোগ ছিল আমাদের। মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে স্ক্রল করতে গিয়ে মানুষের নানা মন্তব্য দেখতাম। প্রতিটি টেস্টই পঞ্চম দিনে গড়িয়েছে এবং সেখানে দুই বা তার বেশি ফলের সম্ভাবনা ছিল। ক্রিকেট খেলার জন্য যা সত্যিই দারুণ ব্যাপার। এটিই প্রমাণ করেছে, মানুষ ক্রিকেট দেখে।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে দুই নম্বরে লাফ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা চলমান চক্রে এবার বাংলাদেশের মুখোমুখি হবে। সফরকারীরা দক্ষিণ আফ্রিকার আগের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার চেয়ে নিচের সারির। তাই বলে আগামী বছরের ফাইনালে ওঠার মিশনে ছন্দ হারাতে চায় না প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজ সামনে রেখে দক্ষিণ আফ্রিকা একেবারে শেষ মুহূর্তে দল ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। প্রতিকূল কন্ডিশন, গতিময় উইকেট আর স্বাগতিক পেসারদের সামলানো বরাবরই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যাটারদের জন্য। তবে বরিবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে প্রতিপক্ষের দুর্বলতা কিংবা সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে খুব বেশি মাথা ঘামাতে রাজি নন প্রোটিয়ারা। সম্প্রতি টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাবাদা। দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে অবশ্য মাইলফলক নিয়ে অতিরিক্ত মাতামাতি করতে চাননি। এদিকে চমক রেখে বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। যদিও সাধারণত টসের সময় একাদশ ঘোষণা করলেও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলো এক দিন আগেই একাদশ ঘোষণা করে।
এবার বাংলাদেশের বিপক্ষেও তা-ই করল প্রোটিয়ারা। জোহানেসবার্গে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একদনি আগে একাদশ ঘোষণা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহাসেনবার্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। বাভুমার নেতৃত্বাধীন এই দলে চমক বলতে জুবায়ের হামজা। এই ম্যাচ দিয়ে যে হামজার অভিষেক হচ্ছে, ব্যাপারটা তা নয়। বাংলাদেশ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর পর ফিরছেন তিনি। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলা হয়নি তাঁর। ব্যাটিং লাইনআপে বাভুমা, এইডেন মার্করাম, মারকাস অ্যাকারমান, হামজার সঙ্গে আছেন ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন। যাঁদের মধ্যে রিকেলটনের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুজনেই ব্যাটিং-বোলিং সব বিভাগেই দুর্দান্ত খেলেছেন। যাঁর মধ্যে ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিও রয়েছে। নিশ্চিতভাবে ধারাবাহিকতা ধরে রাখতে সবরকম চেষ্টাই করবে দক্ষিন আফ্রিকা।
