২৪ঘন্টা অনলাইন: একটি ভুল, আর তাতেই শেষ হয়ে গেল বাংলাদেশের ফাইনালে ওঠার আশা। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদ।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই চালিয়ে যায়। বল দখল কিংবা আক্রমণের সুযোগ তৈরিতে কেউ কাউকে খুব বেশি ছাড় দেয়নি। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল আদায় করে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে যায় পাকিস্তান।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের সামিতের ভুল পাস থেকে সুযোগ তৈরি করে পাকিস্তান। আল উজাইরের শট অবশ্য দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক শ্রাবণ। পাঁচ মিনিট পর কাজেম শাহর শটও আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।
২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে বল পেয়ে রাকিব হোসেনের নেওয়া শট পাকিস্তানের গোলপোস্টে লেগে ফিরে আসে। এরপর ২৫ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে আল উজাইর শট নিলেও আবারও বাধা হয়ে দাঁড়ান শ্রাবণ।
৩২ মিনিটে পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কেউ। বিরতির আগে ৪১ মিনিটে সুকির নেওয়া শটও লক্ষ্যে রাখতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণে কিছুটা ভাটা পড়ে। অন্যদিকে পরিকল্পিত আক্রমণ ও সংগঠিত রক্ষণভাগের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে পাকিস্তান। এ সময় বাংলাদেশের নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরীকেও কয়েকবার মেজাজ হারাতে দেখা যায়। ৭৬ মিনিটে বক্সের সামনে তার ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক দারুণভাবে রুখে দেন শ্রাবণ।
তবে ৮৬ মিনিটে সেই গোলরক্ষকই হয়ে ওঠেন বাংলাদেশের হতাশার কারণ। গোলকিক নেওয়ার পরিবর্তে হাত দিয়ে বল বাড়াতে গিয়ে ভুল করেন শ্রাবণ। সেই বল পেয়ে যান পাকিস্তানের এক ফরোয়ার্ড। সেখান থেকে বল পৌঁছে যায় আব্দুল সামাদ শেহজাদের পায়ে। ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে নেওয়া তার শট ঠেকাতে পারেননি শ্রাবণ। বল জালে জড়াতেই ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে পাকিস্তান শিবির।
গোল হজমের পরও বাংলাদেশের সামনে সমতায় ফেরার সুযোগ ছিল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ দিকে গ্যালারি থেকে স্মোক ফ্লেয়ার ছোড়ায় খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পাকিস্তানের গোলপোস্টের আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ায় কয়েক মিনিট খেলা স্থগিত থাকে। পরে খেলা শুরু হলেও নির্ধারিত চার মিনিটের যোগ করা সময়ে গোলের দেখা পায়নি বাংলাদেশ। শেষদিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ ডুলি দুটি পরিবর্তন আনেন। রহমত মিয়ার পরিবর্তে বিশ্বনাথ এবং সুকির বদলে ইব্রাহিমকে মাঠে নামানো হয়। তবে পরিবর্তিত খেলোয়াড়রা ম্যাচের ফল বদলাতে পারেননি।
অন্যদিকে সেমিফাইনালের আগে পাকিস্তান দলে যোগ দেওয়া পাঁচ ফুটবলারও দলটির পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংগঠিত রক্ষণভাগ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় শেষ পর্যন্ত জয় তুলে নেয় পাকিস্তান।
একটি গোলের ব্যবধানেই শেষ হলো বাংলাদেশের লড়াই। আর পাকিস্তানের কাছে এই জয়ে সাফের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো।
