২৪ঘন্টা অনলাইন: দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে একাদশে বড় চমক রেখেছেন কোচ থমাস ডুলি। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশের প্রথম একাদশে জায়গা পেয়েছেন রেকর্ড আটজন প্রবাসী ফুটবলার।
আজ রাত ৮টা ৩০ মিনিটে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল। এই ম্যাচে জয় পেলেই দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
গত ম্যাচে গুরুতর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তার জায়গায় রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ রহমত মিয়া। অন্যদিকে আক্রমণভাগেও এসেছে পরিবর্তন। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করা এবং পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকা ইব্রাহিমকে আজ রাখা হয়নি প্রথম একাদশে। তার পরিবর্তে ফর্টিজের জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ।
তবে একাদশের সবচেয়ে আলোচিত দিক প্রবাসী ফুটবলারদের আধিপত্য। শুরুতে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার হাত ধরে জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির যে ধারা শুরু হয়েছিল, এবার তা নতুন উচ্চতায় পৌঁছেছে। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আটজন প্রবাসী ফুটবলারকে নিয়ে একাদশ সাজিয়েছেন ডুলি। যদিও এই ম্যাচে জায়গা হয়নি অভিজ্ঞ জামাল ভূঁইয়ার।
এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাসের জায়গায় বেশ এগিয়ে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর পর গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দলটি। ওই ম্যাচে গোল করেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন।
অন্যদিকে পাকিস্তানও সেমিফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ার প্রত্যাশা নিয়ে মাঠে নামবে। ফলে দুই দলের লড়াইয়ে উত্তেজনা ছড়ানোর অপেক্ষা করছেন সমর্থকেরা।
সাফের সর্বশেষ ফাইনালে বাংলাদেশ খেলেছিল ২০০৫ সালে। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয় লাল-সবুজের। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া ফুটবলাররা।
এরই মধ্যে প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এখন বাংলাদেশের সামনে লক্ষ্য পাকিস্তানকে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়া।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।
