২৪ঘন্টা অনলাইন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বদলা ভারতের। পাকিস্তানের কাছে গ্রুপ পর্বে হেরেছিল তারা। তার বদলা নিল ফাইনালে এসে। মানাল চৌহান এবং মোহিত উলভার অবিশ্বাস্য ব্যাটিংয়ে এক উইকেটে জিতেছে ভারত। এই নিয়ে ন’বার এশিয়া কাপ জিতল তারা। হারা ম্যাচও বার করে নিল ভারত। শেষ বলে চার মেরে দলকে জেতালেন মোহিত। এ দিন ওমানের আল-আমিরাতে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৩৩৭/৯। শতরান করেন উসমান খান। জবাবে এক উইকেট বাকি থাকতে রান তুলে নেয় ভারত।
তবে যে ভাবে তারা হারা ম্যাচ বার করেছে তা নিয়ে বেশি প্রশংসা প্রাপ্য। ভারতের অষ্টম উইকেট যখন পড়ে, তখন স্কোর ২৫২। অর্থাৎ জয়ের থেকে তখনও ৮৬ রান দূরে ছিল তারা। কোচ থেকে সমর্থক, সকলেই জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। পাকিস্তানের ক্রিকেটারেরা অপেক্ষা করছিলেন কত ক্ষণে জয়ের উৎসবে মাততে পারেন।
সব পরিকল্পনা ভেস্তে দেন মানাল এবং মোহিত। খাদের কিনারা থেকে লড়াই শুরু করেন তাঁরা। গুটিয়ে যাওয়া নয়, বরং আগ্রাসী খেলাকেই অস্ত্র হিসাবে বেছে নেন। পাকিস্তানের বোলারদের মাথায় চড়তে দেননি। ভারতের আস্কিং রেট এক সময় ১০-এর উপরে চলে গিয়েছিল। দুই ব্যাটারের দাপটে তা ক্রমশ কমতে থাকে। ভারতের জয়ের আশাও বাড়তে থাকে। এক সময় মনে হচ্ছিল এই দু’জনেই ভারতকে জিতিয়ে দেবেন। তখনই ফিরে যান মানাল। তিনটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৩২ বলে ৪৭ করেন তিনি।
তখনও জয়ের থেকে ৩০ রান দূরে ছিল ভারত। ভাবা হয়েছিল, ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু মোহিতের সঙ্গে জুটি বেধে দলকে জয় এনে দেন একাদশতম ব্যাটার চিগুরুপতি বেঙ্কট। মোহিত পাঁচটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। বেঙ্কট অপরাজিত থাকেন ১১ রানে। তিনি তিনটি উইকেটও নিয়েছেন।
ম্যাচ শেষ হওয়ার পর উল্লাসে ফেটে পড়েন ভারতের ক্রিকেটার থেকে কোচেরা। সকলে একসঙ্গে দৌড়ে মাঠে ঢুকে পড়েন। জাতীয় পতাকা নিয়ে উল্লাস শুরু হয়ে যায়। কেউ কেউ অতি আগ্রাসী হয়ে হাত দিয়ে বিশেষ ভঙ্গিও করেছেন, যা নিয়ে পরে বিতর্ক হতে পারে।
এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। সেই সিদ্ধান্ত বিফলে যায়নি। শুরু থেকেই ম্যাচের রাশ ছিল পাকিস্তানের হাতে। ওপেনিং জুটিতে হায়াম খানের সঙ্গে ৮.১ ওভারে ৬২ রানের জুটি গড়ে ফেলেন উসমান। হায়াম (২১) ফেরার পর আব্দুল কাদিরের সঙ্গে জুটি বাধেন উসমান। পাকিস্তানের ওপেনার ১০৬ বলে শতরান করেন। তিনে নামা কাদির করেন ৮০। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ১৮ ওভারের মধ্যে ১৩৫ রানের জুটি গড়ে ফেলেন। এর মধ্যে কাদির ছিলেন বেশি আগ্রাসী। তিনি মাত্র ৫৪ বলে ৮০ করেন। মেরেছেন তিনটি চার এবং আটটি ছয়। ভারতের বাঁহাতি স্পিনার মানাল এবং যশবর্ধন চৌহানকে পর পর দু’টি করে ছয় মারেন। তবে আগ্রাসী খেলার কারণেই উইকেট খোয়াতে হয় কাদিরকে। অর্জুন রাজপুতের বলে উঁচু শট খেলতে গিয়ে ভিকে বিনীতের হাতে ক্যাচ দেন তিনি। উসমানও বেশি ক্ষণ টেকেননি। তিনি পেসার কাব্য পটেলের (৪/৬৮) বলে রাজপুতের হাতে ক্যাচ দেন। পাকিস্তানের স্কোর তখন ৩৬ ওভারে ২৪০। ফলে শেষের দিকে বড় রান তোলার সুযোগ ছিল তাদের কাছে। সেটাই কাজে লাগায় তারা। অধিনায়ক ফারহান ৬০ বলে ৬৩ রান করেন। তবে পরের দিকে কেউ রান পাননি। ভারতের কাব্য ছাড়া, ৪০ রানে ৩ উইকেট নেন বেঙ্কট। একটি উইকেট রাজপুতের।
বড় রান তাড়া করতে নেমে ভারতের শুরুটাও খারাপ হয়নি। লক্ষ্য রায়চন্দানি এবং আর্যবীর আগের ম্যাচের মতোই ধীরেসুস্থে খেলা শুরু করেছিলেন। আর্যবীর ৯টি চারের সাহায্যে ৬১ বলে ৫৮ রানে ফিরে যান। এর পর লক্ষ্য এবং বিনীত ভারতকে টানতে থাকেন। দলের ১৪৬ রানের মাথায় বিনীত ফিরে যেতেই ভারতের ব্যাটিংয়ে ধস নামে। এর পর তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। রায়চন্দানি ৮০ রানে ফিরে যান। ব্যর্থ অর্জুন (১৬), যশবর্ধন (৯), অন্বয় (১৯), আরিয়ান সাবসানি (৯)। ওখানেই ভারতের দৌড় শেষ বলে মনে করা হয়েছিল। শেষ মুহূর্তে যে মানাল এবং মোহিত খেলা ঘুরিয়ে দেবেন তা কেউ ভাবতে পারেননি।
