২৪ঘণ্টা অনলাইন : স্বপ্ন দেখতেন ফুটবলের সঙ্গে সংসার গড়বেন, ফুটবল মাঠ হবে ঘর! অথচ নিয়তি তাকে টেনে এনেছে রাস্তায়। কথা ছিল ফুটবল পায়ে দৌড়াবেন, ট্রেনিংয়ে ফুটবলকে আয়ত্ত করবেন আর বলের আঘাতে প্রতিপক্ষের জাল কাঁপাবেন। কিন্তু সেই মোহাম্মদ রিয়াজ এখন রাস্তার পাশে চুলার তাপে জিলাপি তৈরি করেন।
পাকিস্তান ফুটবলের এক সম্ভাবনাময় তারকা ছিলেন রিয়াজ। খেলতেন কে-ইলেকট্রিক দলে। পাকিস্তানের হয়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্বও করেছেন। সব ঠিক থাকলে হয়তো জাতীয় দলে পাকাপাকিভাবে জায়গা পেতেন তিনি। তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (PTI) সরকার আন্তঃবিভাগীয় ফুটবল বন্ধ করে দেয়। ক্লাব ফুটবলকে দেওয়া হয় অতিরিক্ত গুরুত্ব। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আবার আন্তঃবিভাগীয় ফুটবল ফিরিয়ে আনার ঘোষণা দিলেও তা এখনও আলোচনার টেবিলে রয়ে গেছে। এই অনিশ্চিত পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়েন রিয়াজ। ফুটবল থেকে উপার্জনের সুযোগ হারিয়ে বাধ্য হয়ে বেছে নেন ব্যবসার পথ। বর্তমানে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে জিলাপি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি।
রিয়াজ বলেন, "আমার কাছে সৎভাবে বেঁচে থাকার আর কোনো উপায় ছিল না। তাই ফুটবলের বদলে জিলাপি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও বলেন, "আমি অপেক্ষা করেছিলাম। যখন প্রধানমন্ত্রী ঘোষণা দেন, তখন আশার আলো দেখেছিলাম। কিন্তু এতদিনেও কোনো পরিবর্তন আসেনি। এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না।"
২৪ঘণ্টা/শাহ
