শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শীর্ষ দল ব্যাঙ্গালুরুর কাছে ৫০ রানে পরাজিত চেন্নাই

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৫   ০৩:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চেন্নাই সুপার কিংসকে শুক্রবার ৫০ রানে পরাজিত করেছে টেবিলের শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবারের আইপিএল’এ ব্যাঙ্গালুরুর দুই ম্যাচে এটি দ্বিতীয় জয়।১৯৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাইয়ের ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চেন্নাই শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। শেষের দিকে অভিজ্ঞ মাহেন্দ্র সিং ধোনীর ১৬ বলে ৩০ রানের ইনিংসও চেন্নাইকে বাঁচাতে পারেনি। কাল ধোনী লোয়ার অর্ডারে নয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।

অস্ট্রেলিয়ান পেসার জোস হ্যাজেলউড চার ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। অধিনায়ক রাজাত পাতিদার ৩২ বলে করেছেন ৫১ রান। ভারতীয় টি২০ দলে জায়গা করে নেবার দ্বারপ্রান্তে রয়েছেন পাতিদার। ৭ উইকেটে ১৯৬ রানের ইনিংসে ব্যাঙ্গালুরুর হয়ে পাতিদারকে ভালই সহযোগিতা করেছেন দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। দুজনেই ৩০ রানের কোটা পার করেছেন। আফগানিস্তানের লেগ-স্পিনার নুর আহমেদ ৩৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

হ্যাজেলউডের বোলিং তোপে চেন্নাই শুরু থেকেই উইকেট হারাতে থাকে। হ্যাজেলউড ছাড়াও ভারতের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার তিন ওভারে ২০ রানে নিয়েছেন ১ উইকেট।  ইনিংসে দ্বিতীয় ওভারে হ্যাজেলউড রাহুল ত্রিপাঠি (৫) ও অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়কে (০) সাজঘরে ফেরত পাঠান। দিপক হুদা (৪) পঞ্চম ওভারে ভুবনেশ্বরের শিকারে পরিনত হলে চেন্নাইয়ের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৬। ইয়াশ দয়াল ১৮ রানে ২ ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ২৮ রানে নিয়েছেন ২ উইকেট। ভারতীয় জুটি রবিন্দ্র জাদেজা (২৫) ও শিভাম দুবে (১৯) চেন্নাইয়ের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে আসেনি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)