শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অমিত-মজিদে রূপগঞ্জ টাইগার্সের বড় জয়

প্রকাশিত - ০৭ এপ্রিল, ২০২৫   ০৩:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রানের দেখা পাননি এনামুল হক বিজয়। তাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সও দেড়শর বেশি যেতে পারল না। দুই ম্যাচ পর নিজেদের দ্বিতীয় জয় পেতে বেগ পায়নি রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মিরপুর শের-ই-বাংলায় সোমবার (৭ এপ্রিল) প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫৯ রানে থামে গাজীর ইনিংস। তাড়া করতে নেমে ৩৩.৩ ওভারে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ টাইগার্স।

সর্বোচ্চ ৭৬ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। ১০টি চারের মারে ৯৮ বলে এই রান করেন অমিত। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। ওপেনিং জুটিতেই রূপগঞ্জ টাইগার্স ১৩৮ রান তোলে। ওপেনার আবদুল মজিদ ৫৩ রানে রিটায়ার্ড হার্ট না হলে দুজনেই ম্যাচ শেষ করে দিয়ে আসতে পারতেন। মজিদ সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে আসেন দেড় বছর পর মাঠে ফেরা নাসির হোসেন। ৯ রানের বেশি করতে পারেননি এই অলরাউন্ডার। এরপর আব্দুল্লাহ আল গালিব (১৩) ও আল আমিন (২) জিতিয়ে মাঠ ছাড়েন। গাজীর হয়ে তোফায়েল আহমেদ ও আবদুল গাফফার ১টি করে উইকেট নেন।

এর আগে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন গাজীর ব্যাটসম্যানরা। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তাহজিবুল ইসলাম ও শামীম মিয়া। তাহজিবুল সর্বোচ্চ ৩১ ও শামীম ২৪ রান করেন। আর কোনো ব্যাটার বিশের বেশি রান পাননি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিজয় ১০ রানের বেশি করতে পারেননি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মহিউদ্দিন তারেক। ২ উইকেট করে নেন হুসনা হাবিব ও ফয়সাল আহমেদ। নবম ম্যাচে এটি গাজীর তৃতীয় হার। অন্যদিকে সমান ম্যাচে রূপগঞ্জের দ্বিতীয় জয়। তাদের অবস্থান টেবিলের নবম স্থানে। আর গাজী আছে তিনে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)