শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশি পাসপোর্ট হাতে সামিত সোম

প্রকাশিত - ০৫ মে, ২০২৫   ১২:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অনেক স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এবার তার দেখিয়ে দেওয়া পথে এগিয়ে যাচ্ছেন সামিত সোম। অনেকটা আগেভাগেই হাতে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট। এখন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে আরেক বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের আগমন যেন এখন শুধুই সময়ের ব্যাপার। কানাডায় জন্ম নেওয়া ২৭ বছর বয়সী মিডফিল্ডার সামিত সোম অবশেষে পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি ও মার্কেটিং কমিটির প্রধান ফাহাদ করিমের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায় সামিত বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়ে গেছে। এখন বাফুফে ফিফার কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাব। ফিফা ছাড়পত্র দিলেই বাংলাদেশের হয়ে খেলার আর কোনো বাধা থাকবে না সামিতের। সামিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি, তবে তার জন্ম এবং শৈশব কেটেছে কানাডায়। ২০২০ সালে তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

সেখানেই তার পায়ের ঝলক দেখতে পেয়েছিলেন ফুটবলপ্রেমিরা। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা সামিত এখন খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে। বাংলাদেশ দলের সামনে এখন বড় পরীক্ষা ১০ জুন, এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হতে হবে সিঙ্গাপুরের। সেদিন মাঠে সামিতকে দেখা যাবে কি না, সেটি নির্ভর করছে ফিফার প্লেয়য়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর। সব কিছু ঠিকঠাক থাকলে সিঙ্গাপুর ম্যাচেই দেখা যেতে পারে বাংলাদেশের নতুন এই ‘মিডফিল্ড জেনারেল’-কে। বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের বাংলাদেশে খেলার আগ্রহ সম্প্রতি আরও জোরালো হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেকের পর। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে হামজা প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন।

তার আগমনের পর ফুটবলপ্রেমীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি উদ্দীপ্ত হচ্ছেন অন্য প্রবাসী ফুটবলাররাও। তবে এই পথ প্রথম শুরু করেছিলেন জামাল ভূঁইয়া। ডেনমার্কে জন্ম নেওয়া জামালের মাধ্যমে ২০১৩ সালে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে জায়গা পাওয়ার সূচনা হয়। এরপর এসেছে ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজীর নাম। এবার পালা সামিত সোমের। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা, তারপরই হয়তো জাতীয় দলের মাঝমাঠে আরও এক নতুন মুখ দেখবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের পথে সামিত সোম, আগেভাগেই কানাডার ছাড়পত্র হাতে পেয়েছে। বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে আর খুব বেশি দেরি নেই সামিত সোমের। দেশের ফুটবলপ্রেমীদের আশার আলো জ্বেলে, প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ ধাপে পা রেখেছে বাফুফে। কানাডার হয়ে খেলা এই তরুণ ফুটবলারের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র গত ১ মে সকালে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিস্ময়ের বিষয় হলো, সেটা এসেছে সামিতের পাসপোর্ট হওয়ার আগেই!

সামিতের বিষয়টি দেখভাল করছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি জানালেন, ‘গত ১ মে আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি হাতে পেয়েছি। তাতে সামিতের কানাডার হয়ে কত মিনিট খেলেছেন, কোন ম্যাচে অংশ নিয়েছেন, সব বিস্তারিত তথ্য রয়েছে। এরপরই ওর পাসপোর্টের জন্য আবেদন করা হয়। পাসপোর্ট হলে আমরা সঙ্গে সঙ্গে ফিফাতে আবেদন করা হবে।’ সামিতের জন্ম কানাডায়। সেখানকার জাতীয় দলের হয়ে খেলাও করেছেন। তবে হৃদয়ে বাংলাদেশ, এমনটাই জানান দিয়েছেন তিনি। বাফুফে ইতোমধ্যে জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আগেভাগেই কানাডার কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিল। ব্যতিক্রমী এই সিদ্ধান্তে বাফুফে পেয়েছে ইতিবাচক ফল। ফাহাদ করিম জানালেন, ‘সাধারণত পাসপোর্ট হাতে পাওয়ার পরেই অনাপত্তিপত্র চাওয়া হয়। কিন্তু যেহেতু সামিত নিজের সিদ্ধান্তে অনড়, আমরা ডিক্লেয়ারেশন ও জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করেছি। কানাডার ফেডারেশনের নির্দিষ্ট বিভাগ ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আগেভাগেই প্রস্তুতি নিই। আশা করেছিলাম একটু বিলম্বে পাব, কিন্তু একটু আগেই হাতে চলে এসেছে।’

এখন সামনের ধাপ, বাংলাদেশি পাসপোর্ট। কানাডায় বাংলাদেশ হাই কমিশন প্রস্তুত রয়েছে আবেদন গ্রহণের জন্য। পাসপোর্ট হাতে পাওয়ার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সামিতের বিষয়ে চূড়ান্ত আবেদন করবে বাফুফে। ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সেই ম্যাচে সামিতকে খেলাতে চাইলে ৩ জুনের মধ্যেই তাকে নিবন্ধন করতে হবে। বাফুফে আশা করছে, তার আগেই ফিফা থেকে সবুজ সংকেত মিলবে। তবে উদাহরণ হিসেবে মনে করিয়ে দেওয়া যায়, হামজা চৌধুরীর ক্ষেত্রে ফিফা সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিল তিন মাসের বেশি। সামিতের ক্ষেত্রে সময় কতটা কমে, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের ফুটবল মাঠে সামিতের পা পড়বে কি না, তা এখনও নিশ্চিত না হলেও, এই অনাপত্তিপত্র সেই সম্ভাবনার দ্বারকে অনেকটাই খুলে দিয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)