শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

লেডেকির ঝলক, থ্রিলারে হার মানলেন ম্যাকিনটশ

প্রকাশিত - ০৩ আগস্ট, ২০২৫   ১২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ৮০০ মিটার ফ্রিস্টাইল ফাইনালে কানাডার সামার ম্যাকিনটশ ও অস্ট্রেলিয়ার লানি প্যালিস্টারের সঙ্গে লড়াইয়ে শেষ হাসি হেসেছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। মাত্র ০.৩৬ সেকেন্ডের ব্যবধানে এই সাঁতার প্রতিযোগিতা জিতেছেন তিনি। শনিবার সিঙ্গাপুরে হওয়া ফাইনালে লেডেকির সময় লেগেছে ৮ মিনিট ৫.৬২ সেকেন্ড। দ্বিতীয় হন প্যালিস্টার এবং তৃতীয় ম্যাকিনটশ। 

৮০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টটি একপ্রকার নিজের করে নিয়েছেন লেডেকি। মেরিল্যান্ডের এই সাঁতারু টানা চারটি অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতেছেন, ইতিহাসে যা আর কারো নেই। ২০১৩ সাল থেকে শুরু করে এই নিয়ে পরপর ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও জিতলেন সোনা।

২৮ বছর বয়সী এই সাঁতারু বলেন, ‘শেষ পর্যন্ত পা-কে বিশ্বাস করে গেছি। ওরাই আমাকে এগিয়ে নিতে সাহায্য করেছে।’লেডেকির ঝুলিতে অলিম্পিক থেকে রয়েছে ১৪টি পদক, যার মধ্যে ৯টিই সোনা। আর ম্যাকিনটশ ২০২৪ প্যারিস অলিম্পিকে জিতেছেন ৩টি সোনা ও একটি রুপা।

লেডেকি এই সপ্তাহেই ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সোনা এবং ৪০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন। অন্যদিকে, ম্যাকিনটশ ইতোমধ্যে জিতেছেন ২০০ মিটার ব্যক্তিগত মিডলে, ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)