২৪ঘণ্টা অনলাইন : অ্যাঞ্জো পোস্তেকোগলু মাত্র ৩৯ দিন প্রধান কোচের দায়িত্ব পালন করতে পারলেন নটিংহ্যাম ফরেস্ট এর। গত মৌসুমে টটেনহ্যামকে ইউরোপা লিগ জেতানো এই কোচ শেষ পর্যন্ত এক মাস শেষ হতে না হতেই বহিষ্কার হলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ফরেস্টের একের এক ব্যর্থতায় চাকরি হারালেন অস্ট্রেলিয়ান কোচ।
প্রিমিয়ার লিগে আজ চেলসির বিপক্ষে ০-৩ গোলে হারের পর আর অপেক্ষা করেনি নটিংহ্যাম ফরেস্ট। আনুষ্ঠানিক এক বিবৃতিতে তাকে বহিষ্কার করার ঘোষণা দিয়ে ক্লাবটি লিখে, ‘সাম্প্রতিক হতাশাজনক ফলাফল ও পারফরম্যান্সের পর, অ্যাঞ্জে পোস্তেকোগ্লুকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটা কার্যকর করা হয়েছে।’
প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্বিতীয় সংক্ষিপ্ততম কোচিং মেয়াদের অপ্রীতিকর রেকর্ড এখন পোস্তেকগ্লুর। এই রেকর্ডে এক নম্বরে আছেন স্যাম অ্যালারডাইস। ২০২৩ সালে লিডস ইউনাইটেডে মাত্র ৩০ দিন দায়িত্বে ছিলেন তিনি।
নতুন মৌসুমে হারতে হারতে বিপর্যস্ত ফরেস্ট এখন অবনমন অঞ্চল থেকে মাত্র একধাপ উপরে আছে। ৮ ম্যাচে মাত্র এক জয় নিয়ে ১৭ নম্বরে আছে ক্লাবটি। নুনো সান্তোসকে বহিষ্কার করার পর গত ৯ সেপ্টেম্বর নটিংহ্যামে নিয়োগ পান পোস্তেকোগলু। তার অধীনে আটটি ম্যাচের একটিতেও জিততে পারেনি ফরেস্ট। ক্লাবটির ইতিহাসে গত ১০০ বছরে এতটা বাজে শুরু করেনি কোনো কোচ।
আজ চেলসির বিপক্ষে ম্যাচ চলাকালীনই মাঠ ছাড়েন ক্লাবটির মালিক ইভানগেলোস মারিনাকিস। ম্যাচ শেষ হওয়ার মাত্র ১৯ মিনিট পরেই ক্লাবের পক্ষ থেকে পোস্তেকগ্লুর বিদায়ের ঘোষণা আসে। অথচ গতকালই সংবাদ সম্মেলনে নিজের কোচিং রেকর্ডের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছিলেন ৬০ বছর বয়সী পোস্তেকোগলু। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘যদি সময় দেওয়া হয়, তাহলে গল্পটা সবসময় একইভাবে শেষ হয় – আমি ট্রফি নিয়ে থাকি।’
