শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ব্রাদার্সের কাছে আবাহনীর হার, ড্র করল মোহামেডান

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৫   ০৮:১৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ফুটবল লিগে অঘটন-ঘটনের প্রথম রাউন্ডে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ড্র করে অপর দুই জায়ান্ট বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। লিগের দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পায়নি আবাহনী ও মোহামেডান। কুমিল্লায় আবাহনীর পরাজয়ের দিনে গাজীপুরে ড্র করেছে সাদা-কালোরা। 

প্রতিপক্ষের অতর্কিত আক্রমণে তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ে আবাহনী। ম্যাচে ফিরতে অপ্রাণ চেষ্টা করেও লাভ হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করে ব্রাদার্স ইউনিয়ন। শেষদিকে এক গোল পরিশোধ করলে হারের ব্যবধান কিছুটা কমে। শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান রানারআপ আবাহনীকে হারিয়ে মাঠ ছাড়ে গোপীবাগের ক্লাব। 

রবিবার লিগের খেলায় কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে মোকাবিলা করে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে ২-১ গোলের জয় তুলে নেয় ব্রাদার্স। দলটির হয়ে নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা গোল করার পর দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কাস সিলভা। আবাহনীর হয়ে এক গোল পরিশোধ করেন সোলেমান দিয়াবাতে।

লিগের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ০-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেল ব্রাদার্স। লিগে প্রথম প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল আবাহনী।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ব্রাদার্স। পেনাল্টি এরিয়ায় বল পেয়ে অঞ্জনের কাছে কাট-ব্যাক দেন মার্কাস। বাঁ পায়ের প্লেসিং শটে অনেকটা ফাঁকা জালে বল ঠেলে দেন নেপাল জাতীয় দলের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। এই ম্যাচে শুরুর একাদশে তিনজন নেপালের ফুটবলার খেলিয়েছে ব্রাদার্স। 

দ্বিতীয় গোলেও অবদান ছিল অঞ্জনের। ৫৬ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকার পর তাকে ফাউল করে ফেলে দেন হাসান মুরাদ। পেনাল্টি বাঁশি বাজান রেফারি; সফল স্পট কিকে গোলকিপার মিতুলকে পরাস্ত করেন মার্কাস সিলভা। 

জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে চেষ্টা চালায় আবাহনী। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে আবাহনীকে অপেক্ষা করতে হয় ম্যাচের যোগ করা মিনিট পর্যন্তা। যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নারের কাছ থেকে হাসান মুরাদের ক্রস থেকে হেডে গোল করেন দিয়াবাতে। আবাহনীর হয়ে বাংলাদেশ ফুটবল লিগে প্রথম গোল আদায় করেন দিয়াবাতে। তবে ম্যাচ জয়ের জন্য সেটি পর্যাপ্ত ছিল না। শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ধানমন্ডি পাড়ার ক্লাবটি। 

শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীর মতো এতটা বিবর্ণ অবশ্য ছিল না মোহামেডান। ১৯ মিনিটে রহমত মিয়ার লং থ্রো ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসি। বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের শটে সাদা-কালোদের এগিয়ে দেন রহিম উদ্দিন। ৪৯ মিনিটে শফিক কাগিমুর কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান মোহাম্মদ বাবলু। ১-১ গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। ওই গোলের পর চেষ্টা করেও দুই দল পারেনি গোল করতে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। 

আর মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রহমতগঞ্জ। লিগের দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। তাদের সমান ৪ পয়েন্ট বাংলাদেশ পুলিশ এফসিরও। টেবিলের তিনে ও চারে থাকা ফর্টিস ও ব্রাদার্সের পয়েন্ট সমান ৩ করে। এক ম্যাচ কম খেলেছে ফর্টিস। পাঁচে থাকা বসুন্ধরা কিংসের সংগ্রহ এক ম্যাচে এক পয়েন্ট। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি আগামীকাল খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। বেলা সাড়ে ৫টায় গড়াবে ম্যাচটি। দিনের অপর ম্যাচে মানিকগঞ্জে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ। বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ সরাসরি দেখা যাবে চ্যানেল টি-স্পোর্টস-এ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)