২৪ঘণ্টা অনলাইন : হ্যামিলটনের সেডন পার্কে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬১ রানে ৩৬.২ ওভারে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস।
শুরু থেকেই আগ্রাসী ছিলেন ম্যাট হেনরি। গতি, সুইং আর নিখুঁত লাইন–লেংথে মাত্র ৯.২ ওভার বল করেই তুলে নেন ৪ উইকেট।তার শিকার আকিম অগাস্টে, কেইসি কার্টি, রস্টন চেজ এবং জেডেন সিলস। ওয়ানডেতে এটি তার ১৩তম চার উইকেটের শিকার।
হেনরির সঙ্গে তাল মিলিয়ে বল হাতে আলো ছড়ান মিচেল স্যান্টনার ও জ্যাকব ডাফি, দুজনই নেন ২টি করে উইকেট।
রস্টন চেজের ৩৮ ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি কিউই পেসঝড়ের সামনে।
১৬২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা নড়বড়ে শুরু করলেও দ্রুতই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় নিউজিল্যান্ড। মাঝে মার্ক চ্যাপম্যান খেলেন ৬৩ বলে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস।শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত ৪০ রানে ৩০ ওভার ৩ বলেই জয় তুলে নেয় কিউইরা।
