শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

চার উইকেটের জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঘরের মাঠে নিজেদের সর্বোচ্চ সফল টি-টোয়েন্টি রান তাড়া করে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরল টাইগাররা। শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৭১ রানের লক্ষ্য  দুই বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে টাইগাররা।

এর আগে বাংলাদেশের ঘরের মাঠে সর্বোচ্চ লক্ষ্য তাড়ার রেকর্ড ছিল ১৬৫ রান, ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। নতুন এই রেকর্ডের সঙ্গে সিরিজও এখন ১-১ সমতায়। লিটন দাসের দৃষ্টিনন্দন হাফসেঞ্চুরি আর পারভেজ হোসেনের ঝলমলে শুরুর ওপর ভর করে শুরুটা ছিল বেশ মসৃণ। কিন্তু শেষদিকে কয়েকটি দ্রুত উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের। ঠিক সেই সময় মোহাম্মদ সাইফউদ্দিন গুরুত্বপূর্ণ ছক্কা-চার মেরে দলকে ম্যাচে ফেরান।

শেষ ১০ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। মার্ক অ্যাডায়ারের এক ওভারে সাইফউদ্দিন একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন।শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৩ রান। জশ লিটলের চতুর্থ বলটি কাভারের ওপর দিয়ে ঠেলে বাউন্ডারিতে পাঠিয়ে জয়সূচক রান তুলে নেন শেখ মেহেদি হাসান।এর আগে ব্যাট হাতে লিটন দাস ৩ ছক্কা ও ৩ চারে ৩৭ বলে ৫৭ রান করেন। পারভেজ ২৮ বলে ৪৩ করে আউট হন।

আয়ারল্যান্ড আগে ব্যাট করে ১৭০ তোলে। পাওয়ারপ্লেতে পল স্টার্লিং ও টিম টেক্টর ঝড় তুলে ২৮ বলে ৫৭ রান যোগ করেন। স্টার্লিং ১৪ বলে ২৯ করে আউট হন, টেক্টর করেন ২৬ বলে ৩৮।৭৫ রানে শূন্য উইকেট থেকে দারুণ অবস্থায় থাকলেও মাঝের ওভারগুলোতে গতি হারায় আয়ারল্যান্ড, যার বড় কারণ মেহেদি হাসানের দুর্দান্ত স্পেল। প্রথম ওভারে ১৩ রান খরচের পর দারুণ প্রত্যাবর্তনে একই ওভারে টিম ও হ্যারি টেক্টরকে আউট করেন। পরে বেন ক্যালিটজকেও আউট করেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)