শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রিশাদের অভিষেক ম্যাচে উত্তেজনা বাড়িয়ে জিতল হোবার্ট

প্রকাশিত - ১৬ ডিসেম্বর, ২০২৫   ০৬:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন আসরের প্রথম ম্যাচে খেলতে নেমে রোমাঞ্চকর জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স। বাংলাদেশের তারকা অলরাউন্ডার রিশাদ হোসেনের অভিষেক ম্যাচটিতে অবশ্য শেষদিকে কিছুটা ভুগতে হয়েছে তাদের। সিডনি থান্ডারের দেওয়া ১৮১ রানের লক্ষ্য ছুঁতে শেষ ওভারে ৪ রান দরকার ছিল হোবার্ট। ‍এক বল এবং ৪ উইকেট হাতে রেখে তারা সেই সমীকরণ মিলিয়েছে।

সিডনির পক্ষে শেষ ওভার করতে এসে প্রথম বলে হাই-নো বল করেন ড্যানিয়েল স্যামস। ফলে ৬ বলে আর ৩ রান প্রয়োজন পড়ে হোবার্টের। পরের বলে ২ রান নিয়ে ৩ বল ডট দেয় তারা। মূলত ফিল্ডারদের ৩০ গজ বৃত্তের মধ্যে নিয়ে আসায় চাপে পড়ে যান স্ট্রাইকে থাকা নাথান এলিস। পঞ্চম বলে এক রান নিয়ে হাফ ছেড়ে বাঁচলেন হোবার্টের এই অধিনায়ক। রিশাদদের জয় নিশ্চিতের পথে সর্বোচ্চ ৪১ রান করেছেন নিখিল চৌধুরী।

এর আগে ১৮১ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে হোবার্ট উড়ন্ত শুরু পায়। ৪ ওভারেই দুই ওপেনার মিচেল ওয়েন ও নিখিল মিলে ৪৭ রান তোলেন। বিগ ব্যাশের গত আসরের ফাইনালে জয়ের নায়ক ওয়েন ১৪ বলে ৬ চার ও এক ছক্কায় ৩২ রান করে আউট হয়ে যান। এরপর হোবার্টের জয়ের পথ প্রশস্ত করে ৬১ রানের জুটি গড়েন নিখিল ও বেন ম্যাকডারমট। নিখিল ৩১ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪১ রান করেছেন। ২৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করেছেন ম্যাকডারমট। ঝড়ের আভাস দিয়ে ৯ বলে ১৭ রানে আউট হয়েছেন টিম ডেভিড। এ ছাড়া ম্যাথু ওয়েড ১৬ বলে ২৫ ও ক্রিস জর্ডান ১৬ রান করলে জয়ের বন্দরে পৌঁছে যায় হোবার্ট। সিডনির পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন পাকিস্তানের লেগস্পিন অলরাউন্ডার শাদাব খান। যদিও তিনি খরুচে বল করেছেন। এ ছাড়া চার বোলার শিকার ধরেন একটি করে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)