শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইচ্ছা আছে এবার বিশ্বকাপে ভালো করার

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:০৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আইসিসির এই মেগা টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ, দিতে হয়েছে বাছাই পরীক্ষা। আর সেখানে দুর্দান্ত ছিল টাইগ্রেসরা। বিশ্বকাপ বাছাইপর্ব তারা শেষ করেছে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।

গতকাল (সোমবার) রাতে দেশে ফিরে গণমাধ্যমের সামনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের ইচ্ছা আছে যে এবার বিশ্বকাপে ভালো করার, যেহেতু আমরা কোয়ালিফায়ারে অনেক ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বকাপে আমরা ম্যাচ জয়ের লক্ষ্য রাখব। মূলত সব কৃতিত্ব মেয়েদের। আমাদের কাজ হচ্ছে মাঠে ভালো ক্রিকেট খেলা, তো আমরা সেদিকেই মনোযোগ দেবো।’

অপরাজিত থেকে বাছাই শেষ করার লক্ষ্য নির্ধারণ করেই দেশ ছাড়ার কথা বললেন নিগার, ‘আমাদের যাওয়ার আগে মানসিকতা এমন ছিল যে, আমরা শুধু কোয়ালিফাই করবো তা না, আমরা যেন টুর্নামেন্টে অপরাজিত থাকতে পারি। কারণ এটা আমাদের বিশ্বকাপে যাওয়ার আগে একটা সেরা অনুশীলন। আমরা প্রত্যেকটা ম্যাচে আধিপত্য ধরে রেখে ক্রিকেট খেলতে চেয়েছিলাম এবং সেভাবে খেলার চেষ্টা করেছি।’

বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপ একজন ক্রিকেটারের জন্য অনেক বড় একটা বিষয়। সেখানে খেলতে না পারা... কিন্তু এই সময় আসলে এগুলো নিয়ে কথা না বলাই ভালো। তো অবশ্যই খারাপ লাগে... এখন যেটা হচ্ছে, এটা আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার মতে, এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)