শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২৫৪ বছরের ইতিহাসে প্রথম ৫ বলে ৫ উইকেট

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৬   ০২:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নিউজিল্যান্ডের অখ্যাত ঘরোয়া বোলার ব্রেট র‌্যান্ডেল। প্রথম খেলোয়াড় হিসেবে ২৫৪ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে টানা পাঁচ বলে ৫ উইকেট নিলেন তিনি। নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্লাঙ্কেট শিল্ডের চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে এই কীর্তি গড়েন ডানহাতি ফাস্ট বোলার।

অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ান্স অ্যান্ড হিস্ট্রিয়ান্স-এর রেকর্ড অনুসারে, ১৭৭২ সালে প্রথম স্বীকৃত প্রথম শ্রেণির ম্যাচ শুরু হওয়ার পর এমন কীর্তি এর আগে কখনো হয়নি। আয়ারল্যান্ডের আন্তর্জাতিক বোলার কুর্টিস ক্যাম্ফার গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ বলে পাঁচ উইকেট নেন। পেশাদার ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

র‌্যান্ডেলের ডানহাতি সিমারে প্রতিপক্ষের টপ অর্ডার গুঁড়িয়ে গেছে। ৩০ বছর বয়সী বোলার তার দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করেন। তারপর নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ব্যাটার জিত রাভালকে ফিরিয়ে তৃতীয় ওভার শুরু করেন। পরের তিন বলেও উইকেট নেন। অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করে বিশ্ব রেকর্ড গড়েন র‌্যান্ডেল।

এখানেই শেষ নয়। র‌্যান্ডেল তার পরের ওভারে আরও দুটি উইকেট নিয়ে নর্দার্নকে ৮২ রানে অলআউট করেন। সেন্ট্রাল আগে ব্যাট করে ৩৭৩ রান তুলেছিল। র‌্যান্ডেলের বোলিং ফিগার ছিল ২৫ রানে ৭ উইকেট, ৯ বছরে ৩৮ প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার সেরা বোলিং।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মেজর চাকলাদার (অব.)